ময়মনসিংহের ত্রিশালেই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর বৃহৎ পরিসরে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। ত্রিশালে বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে। অল্প সময়ের মধ্যেই ত্রিশালে পর্যটন উন্নয়নের দৃশ্যমান কার্যক্রম শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, জার্মানিতে হিটলারের পতনের পর তার বাহিনী আর ফিরে আসতে পারেনি। একইভাবে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগও এ দেশে আর ফিরে আসতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে দায়িত্ব পালন করুন, আওয়ামী লীগ আর ফিরে আসবে না।
তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মস্পৃহা ও দীর্ঘ কর্মঘণ্টার প্রশংসা করে তাঁকে ‘দ্বিতীয় জিয়াউর রহমান’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ত্রিশালকে মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমানের হাত ধরেই আধুনিক ত্রিশালের উন্নয়ন এগিয়ে যাবে। যোগ্যতা ও সময়ের বিবেচনায় তিনিও ভবিষ্যতে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আব্দুল আওয়াল ফরাজি, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সংশ্লিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

