নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়িতে রোপণ করা অবস্থায় গাঁজা গাছটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজা চাষ করে আসছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ জানায়, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

