রাজশাহীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-কমিশনার (ডিবি) গাজিউর রহমান এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় যুবদলের একটি আঞ্চলিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মীরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।
মামলার আসামি শুভ কুমার মণ্ডল (২৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াঘাট গ্রামের কংকর মণ্ডলের ছেলে। অন্যদিকে নাহিদ হাসান (২৬) নড়াইলের কালিয়া থানার বড় কালিয়া গ্রামের মোহাম্মদ আকসির আহমেদের ছেলে।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটকে রাখেন। পরে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
এদিকে একই মামলার আরেক আসামি সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আলিফকে (২২) গত ১০ নভেম্বর বিকেলে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি রাজশাহী মহানগরীর পবা থানার বেনুয়া খোলা ভুনা গ্রামের আনিসুর রহমান দুলালের ছেলে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
