পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি গাড়িবহরে সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও উপপরিদর্শক (এসআই)সহ অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলার পর পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য জানান।
তিনি বলেন, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলন বন্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের একটি দল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা।
এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র।
তিনি আরও জানান, হামলাকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে হামলার পর কোহাটের গামবাত তহসিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

