বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১১, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ

সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি-দুর্নীতির অভিযোগ হাসনাতের, পুনর্বিবেচনার দাবি

সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি-দুর্নীতির অভিযোগ হাসনাতের, পুনর্বিবেচনার দাবি
সংসদে বক্তব্য রাখছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরকারের কাছে জবাব চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে সংসদ সদস্যদের আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়ার প্রথা বন্ধ এবং বিতর্কিত নিয়োগগুলো পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চান হাসনাত। তিনি দাবি করেন, ২৮ জন ডিলারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান ও ভাগনি।

নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ওই সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, সারা দেশে ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সংরক্ষিত নারী আসনের কোনো কোনো সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিও (ডিমান্ড অব অর্ডার) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে কেউ কেউ ৩০টি পর্যন্ত ডিও দিয়েছেন। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে পুনরায় ব্যবসার সুযোগ পান, সে ব্যবস্থাও মন্ত্রণালয় করেছে বলে অভিযোগ করেন তিনি।

এসব নিয়োগ পরিকল্পিতভাবে করা হয়েছে কি না এবং বিতর্কিত ডিলারশিপগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান হাসনাত আবদুল্লাহ।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ডিলার নিয়োগে ‘উৎসব’ করার কথা বলা হয়েছে। তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থে ব্যাখ্যা করে বলেন, মানুষ যেন উৎসবের মতো করে ডিলার নিয়োগে অংশ নিতে পারে, সেটিই তাঁদের প্রত্যাশা।

মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। এর মধ্যেই কৃষিমন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক (ডিসি)।

তিনি বলেন, নির্ধারিত নিয়ম ও বিধিবিধান অনুসরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা পড়ে। পরে সেগুলো ইউএনওর কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে।

পরে যাচাই-বাছাই শেষে আবেদন জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা কমিটির সদস্যদের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

এ সময়ও সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিরোধী দলের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্যদের যেমন প্রশ্ন করার অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা না থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি।

একপর্যায়ে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’ পরে তাঁর হস্তক্ষেপে সংসদের পরিস্থিতি শান্ত হয়।