কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে তাঁদের উদ্দেশে ১০ থেকে ১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পাওয়া যায়।
বাচ্চু মালিথা পেশায় কৃষক। অন্যদিকে মনি ডাক্তারের স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান রয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের ধারণা, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও এখনই বিস্তারিত বলতে চান না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি থানায় এসেছেন। বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তাঁরা বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন।

