ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা দানা বিবর্ণ হওয়া রোগের জন্য দায়ী সম্পূর্ণ নতুন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের একদল গবেষক। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নতুন আবিষ্কৃত এই ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে দেশের নামানুসারে – Pantoea bangladeshensis sp. nov. NSTU24 (প্যানটোয়া বাংলাদেশেনসিস)।
বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ পোর্টফোলিওর স্বনামধন্য জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’- এ গবেষণাটি সম্প্রতি গৃহীত হয়ে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই যুগান্তকারী আবিষ্কার বাংলাদেশের কৃষিখাতে উদ্ভিদ রোগতত্ত্ব ও জিনোম গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্বাস গবেষকদের। একই সাথে এই রোগের প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়ে আরেকটি গবেষণাপত্রও একই জার্নালে প্রকাশিত হয়েছে।
এই সাফল্যের পেছনের গল্পটি শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। নোবিপ্রবির কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের তত্ত্বাবধানে অনার্স শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন একই বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী। রাজশাহী জেলার তানোর উপজেলার কৃষকদের একটি সমস্যা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নজরে আসে। কৃষকদের পোস্ট করা ছবিতে দেখা যায়, ধানের প্যানিকল বা ছড়া এবং এর ভেতরের ধানগুলো ক্রমশ কালো হয়ে যাচ্ছে। ধানের খোসা এবং শস্যের মান নষ্ট হওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকেরা। এই ‘গ্রেইন ডিসকালারেশন’ বা প্যানিকল ব্লাইটের মতো সমস্যার বৈজ্ঞানিক কারণ খোঁজার তাগিদ অনুভব করেন নোবিপ্রবি শিক্ষার্থী অর্ণব গোস্বামী। পরবর্তীতে ড. রুবেলের পরামর্শে উত্তরবঙ্গ ও রাজশাহী অঞ্চলের তানোর উপেজলার ধানের ক্ষেত থেকে ‘গ্রেইন ডিসকালারেশন’ রোগে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করে নিজের থিসিসের কাজ শুরু করেন অর্ণব। এই কাজের আরও যুক্ত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।
প্রাথমিকভাবে গবেষক দলটি ভেবেছিল রোগটি পরিচিত Burkholderia গণের ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। সংগৃহীত নমুনা থেকে সফলভাবে ব্যাকটেরিয়া পৃথকীকরণ করে ৭টি সন্দেহভাজন কলোনি শনাক্ত করা হয়। আইসোলেশন ও ক্যারেক্টারাইজেশনের পর দেখা যায়, এটি প্রচলিত কোনো ব্যাকটেরিয়া নয়, এর জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। প্যাথোজেনিসিটি পরীক্ষা সম্পন্ন করার পর এমন দুটি ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়, যা হুবহু মাঠের আক্রান্ত নমুনার মতো রোগ সৃষ্টি করতে সক্ষম। পরবর্তীতে এই দুটি ব্যাকটেরিয়ার আংশিক জিনোম সিকোয়েন্সিং করে গবেষকরা দেখেন, এটি Burkholderia নয়, বরং অত্যন্ত সুযোগসন্ধানী Pantoea গণের একটি ব্যাকটেরিয়া। এই পুরো কার্যক্রমে অর্ণবকে সার্বিক সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত।
অনার্স শেষ হওয়ার পরও অর্ণবের কৌতূহল থামেনি। অধ্যাপক ড. রুবেলের উৎসাহে গবেষণাটিকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ পর্যায়ে গবেষক দলে যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম এবং নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান। তাদের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়। এতে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইবিজিই (IBGE)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের আন্তর্জাতিক মানের জিনোমিক দিকনির্দেশনায় গবেষণাটি পূর্ণতা লাভ করে। এছাড়া গবেষণাপত্রটি লেখার ক্ষেত্রে সহযোগিতা করেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত।
তবে আন্তর্জাতিক জার্নালে এই গবেষণা প্রকাশের পথটি মোটেও সহজ ছিল না। শুরুতে বিখ্যাত কিছু জার্নালে পেপারটি সাবমিট করার পর তা রিজেক্ট হয়। রিভিউয়াররা জানান, আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা (ICNP) অনুযায়ী নতুন প্রজাতি দাবি করতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য ‘কালচার কালেকশন’ সেন্টারে জমা দিতে হবে।
নিয়ম অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের বিশেষ সহায়তায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে গবেষক দল। অবশেষে পুনরায় যাচাই-বাছাই শেষে সফলভাবে ব্যাকটেরিয়াটিকে নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) কালচার কালেকশনে ‘টাইপ স্ট্রেইন’ হিসেবে সংরক্ষণ করা হয়।
গবেষণায় সাফল্যের অনুভূতি প্রকাশ করে কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল বলেন, “সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বে, তখন তারা আমাদের দেশকে চিনবে।”
তবে গুরুত্বপূর্ণ এই গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোনো ফান্ড বরাদ্দ পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন ড. রুবেল। পুরো গবেষণাপত্রটি দাঁড় করাতে গিয়ে ব্যক্তিগতভাবে প্রায় তিন লক্ষ টাকার বেশি খরচ করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহনের উচ্চ খরচ নিজেদের পকেট থেকেই মেটাতে হয়েছে। গবেষণা ফান্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ থাকলেও, দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে পারার আনন্দ সেই কষ্টকে ম্লান করে দিয়েছে বলেও জানান তিনি।
কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী বলেন, “এই আবিষ্কারটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে একটি বড় বৈজ্ঞানিক মাইলফলক। কোনো ফান্ড ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যখন আমরা ল্যাবে কাজ শুরু করি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল ধানের গ্রেইন ডিসকালারেশন রোগের পেছনের অজানা প্যাথোজেনটিকে খুঁজে বের করা। জিনোমিক অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা নিশ্চিত হই যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি এবং বৈশ্বিক ডাটাবেসে এর কোনো পূর্ব-রেকর্ড নেই, সেই মুহূর্তটি ছিল অভাবনীয়।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সায়েন্টিফিক কমিউনিটির কাছে আমাদের দেশের নামানুসারে Pantoea bangladeshensis প্রজাতিটিকে পরিচয় করিয়ে দিতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের। আমি বিশ্বাস করি, আমাদের এই জিনোমিক ডেটা এবং প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস ভবিষ্যতে ধানের রোগ-প্রতিরোধী জাত উদ্ভাবন এবং গ্লোবাল ফুড সিকিউরিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
দীর্ঘ অধ্যবসায়, আর্থিক প্রতিবন্ধকতা এবং জার্নালের কঠোর নিয়ম-নীতি পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল Pantoea bangladeshensis NSTU24। তরুণ গবেষক অর্ণব গোস্বামীর মূল উদ্যোগে পরিচালিত এই গবেষণা এবং অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল ও ড. তোফাজ্জল ইসলামের যৌথ নির্দেশনায় সহ-গবেষকদের এই সাফল্য দক্ষিণ এশিয়ার কৃষিতে ধানের নিরাপত্তা বিধান ও রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে নতুন আশার সঞ্চার করেছে।
গবেষকরা জানান ল্যাবরেটরির সফলতার পর এখন এই গবেষণাটিকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আর্থিক সহযোগিতা ও সরকারি সহায়তা। ব্যাকটেরিয়াজনিত এই রোগের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের ধান উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরাও আর্থিক ক্ষতি থেকে বাঁচবেন।
নোবিপ্রবি প্রতিনিধি :

