লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব:) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আদিতমারী উপজেলা সদরে সোনালী ব্যাংকের সামনে ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু আর্মি বাংলাদেশ জামায়াতে ইসলামী আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য। এ ঘটনায় আহত মো: আমিনুর রহমান ভাদাই ইউনিয়ন জামায়াতের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি গ্রাম ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পিপলু আর্মি নিহত হন। গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা আমিনুর রহমান।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতের মরদেহও বর্তমানে ওই হাসপাতালে রয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি:

