উপকূলীয় জেলা সাতক্ষীরায় কৃষির প্রচলিত ধারা ছাড়িয়ে অর্থকরী ফসল হিসেবে ক্রমেই গুরুত্ব বাড়ছে সুপারি চাষের। তুলনামূলক কম উৎপাদন খরচ, দীর্ঘদিন ফলন পাওয়ার সুযোগ এবং বাজারে স্থিতিশীল চাহিদার কারণে এ ফসলের প্রতি আগ্রহী হয়ে উঠছেন জেলার কৃষকরা। বাড়ির আঙিনা, পুকুরপাড়, জমির আইল কিংবা অন্যান্য ফলদ গাছের সঙ্গে মিশ্রভাবে সুপারি গাছ লাগিয়ে অনেকেই গড়ে তুলছেন বাণিজ্যিক বাগান। কৃষকদের এই উদ্যোগে একদিকে যেমন বাড়ছে সুপারির উৎপাদন, অন্যদিকে তেমনি সম্প্রসারিত হচ্ছে গ্রামীণ অর্থনীতির একটি সম্ভাবনাময় বাণিজ্যিক খাত।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় বর্তমানে বছরে প্রায় ৫০০ টন সুপারি উৎপাদিত হচ্ছে। বাজারদর বিবেচনায় যার আর্থিক মূল্য প্রায় ২০ থেকে ২২ কোটি টাকার বেশি। চলতি মৌসুমে উৎপাদিত সুপারির পরিমাণ প্রায় ৪৫০ টন হলেও শুকনা সুপারির বাজারমূল্য কেজিপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকা হওয়ায় এ খাতের অর্থনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত কৃষক, পাইকারি ব্যবসায়ী, আড়তদার এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে সুপারিকেন্দ্রিক বাণিজ্যিক নেটওয়ার্ক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে সাতক্ষীরায় সুপারি চাষের জমির পরিমাণ প্রায় ২৫০ বিঘা বেড়েছে। ২০২০-২১ অর্থবছরে জেলায় ১ হাজার ১৫০ বিঘা জমিতে সুপারি চাষ হতো। চলতি মৌসুমে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪০০ বিঘায়। কৃষকদের ব্যক্তিগত উদ্যোগ এবং বাজারে চাহিদা বৃদ্ধিই এ সম্প্রসারণের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সুপারি চাষের একটি বড় সুবিধা হলো, গাছ একবার বড় হয়ে ফলন দেওয়া শুরু করলে দীর্ঘ সময় ধরে উৎপাদন পাওয়া যায়। সঠিক পরিচর্যায় একটি সুপারি গাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত ফল সংগ্রহ করা সম্ভব। ফলে একবার বাগান গড়ে তুলতে পারলে দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ তৈরি হয়। বিশেষ করে অন্যান্য ফসলের পাশাপাশি সুপারি চাষ করায় জমির বহুমুখী ব্যবহার নিশ্চিত হচ্ছে। এতে কৃষকের বাড়তি আয়ের পথও তৈরি হচ্ছে।
তালা উপজেলার কুমিরা গ্রামের কৃষক অরবিন্দ কুমার এমনই একজন উদ্যোক্তা। তিনি প্রায় তিন বিঘা জমিতে সুপারির বাগান গড়ে তুলেছেন। নারকেলসহ বিভিন্ন গাছের সঙ্গে সুপারি গাছ লাগিয়ে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের ব্যবস্থা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাগান থেকে বছরে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার সুপারি বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসে পাইকারি দামে সুপারি কিনে নিয়ে যান। এতে পরিবহন ও বাজারজাতকরণের ঝামেলাও তুলনামূলক কম হয়।
অরবিন্দ কুমার জানান, সুপারি গাছ দীর্ঘদিন ফল দেয় বলে এটি লাভজনক একটি চাষ। তাঁর গ্রামের অনেক কৃষকই এখন পানবরজের পাশাপাশি সুপারি চাষ করছেন। ফলে একই কৃষিজমি থেকে একাধিক উৎসে আয় করার সুযোগ তৈরি হয়েছে।
সুপারির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলার বাজারব্যবস্থাও বেশ সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার সুপারি ও পান বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। সপ্তাহে দুই দিন—মঙ্গলবার ও শুক্রবার এখানে বসে সুপারি ও পান কেনাবেচার বড় হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এই হাটে সুপারি নিয়ে আসেন। পাশাপাশি পার্শ্ববর্তী যশোর ও খুলনা জেলা থেকেও পাইকারি ব্যবসায়ীরা এখানে কেনাকাটা করতে আসেন।
পাটকেলঘাটা বাজারের আড়তগুলোতে সুপারি কেনাবেচাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম। কৃষকের বাগান থেকে সংগ্রহ করা সুপারি স্থানীয় ব্যবসায়ীদের হাত ঘুরে পাইকারি বাজারে পৌঁছাচ্ছে। সেখান থেকে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এ বাণিজ্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছেন পরিবহনশ্রমিক, শ্রমজীবী মানুষ, আড়তকর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
পাটকেলঘাটা বাজারের সুপারি আড়তদার হযরত আলী বলেন, সপ্তাহে দুই দিন তাঁর আড়তে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সুপারি কেনাবেচা হয়। জেলার বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে সুপারি ও পান কিনে নিয়ে যান। নির্দিষ্ট দিনে হাট বসায় ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বেচাকেনার সুযোগ তৈরি হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার রাজারবাগান এলাকার সুপারি ব্যবসায়ী প্রণব চ্যাটার্জি জানান, বাজারে কাঁচা ও শুকনা—দুই ধরনের সুপারিরই চাহিদা রয়েছে। তিনি প্রতিদিন পান ও সুপারি বিক্রি করেন। প্রতি মঙ্গলবার ও শুক্রবার পাটকেলঘাটা বাজার থেকে পাইকারি দামে এসব পণ্য সংগ্রহ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি হাজার কাঁচা সুপারি কিনতে খরচ হয় ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। অন্যদিকে শুকনা সুপারি বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৪৫০ টাকা দরে। বাজারের চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে দাম ওঠানামা করে।
সুপারি চাষের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামী দিনে সাতক্ষীরার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি উন্নত জাতের চারা, রোগবালাই ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক চাষপদ্ধতি, সংরক্ষণ এবং বাজারজাতকরণে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে কাঁচা সুপারি শুকানো ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি বাজারে পণ্যের মানও ধরে রাখতে পারবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, কৃষি বিভাগ সাতক্ষীরার সুপারি চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সুপারি চাষ সম্প্রসারণে কোনো সরকারি প্রকল্প গ্রহণ করা হলে এ খাতের কৃষকদের অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
সাতক্ষীরার সুপারি চাষ এখন আর কেবল পারিবারিক বা বাড়ির আঙিনাভিত্তিক উৎপাদনে সীমাবদ্ধ নেই; ধীরে ধীরে এটি বাণিজ্যিক কৃষির একটি সম্ভাবনাময় খাতে পরিণত হচ্ছে। উৎপাদন, বাজারজাতকরণ ও পাইকারি বাণিজ্যের বিস্তারের মধ্য দিয়ে এ ফসল জেলার কৃষকদের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পরিকল্পিত সরকারি সহায়তা, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বাজারব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা গেলে আগামী দিনে সাতক্ষীরার সুপারি দেশের কৃষি অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জেমস আব্দুর রহিম রানা:

