নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন, মাদকসেবী হিসেবে ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন: মোঃ জাহিদুল ইসলাম (৩১) ও রুবেল (২৭)।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ মুকবুল হোসেন (৫৫), তিনি নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি; মোঃ মোমেন (৪৩), তিনি জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মোঃ আকাশ বিশ্বাস (৩০), তিনি জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন: রিফাত হাসান (২২)। তিনি কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য। তার বাড়ি সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর পূর্বপাড়া এলাকায়।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন: মোঃ ওহিদ (৫৩) ও সানি (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

