অসুস্থ বাবার কাছ থেকে ব্যবসার কথা বলে নেওয়া ১৮ লাখ টাকা ফেরত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, আলাউদ্দিন নামের এক ব্যক্তি প্রায় সাত থেকে আট বছর আগে তাঁর বাবার কাছ থেকে ব্যবসার জন্য ১৮ লাখ টাকা ধার নেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও প্রথম মাসের পর আর কোনো টাকা পরিশোধ করেননি তিনি।
ভুক্তভোগী পরিবারের দাবি, পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে আওয়ামী লীগের লোকজন দিয়ে তাঁদের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো প্রতিকার পাননি তাঁরা।
সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, সমঝোতার বৈঠকে ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এ বিষয়ে তাঁদের কাছে ভিডিও প্রমাণ রয়েছে।
এ ছাড়া আলাউদ্দিন তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিচ্ছেন এবং বাসার সামনে অপরিচিত লোক পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং পাওনা ১৮ লাখ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক:

