বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৯, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পথচারী আহত

খুলনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পথচারী আহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান মিয়াপাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মশিউর রহমান জানান, রাতে মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে তিন যুবক কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট গুলিটি তার বুকের বাম পাশে এসে লাগে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, একটি মোটরসাইকেলে তিনজন যুবক ছিল। তারা কাউকে লক্ষ্য করে গুলি ছুড়েই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মশিউর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।