বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চারজন হলেন মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাঁদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। তাঁদের মধ্যে মাহবুব মোল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
অভিযোগে বলা হয়, রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের কাজে সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন তাঁরা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা রুস্তম ও তাঁর সঙ্গে থাকা ছেলেকে গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাঁদের মারধর করে রুস্তমের ব্যবহৃত প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাহবুব মোল্লা বলেন, রুস্তমের কাছে তাঁর টাকা পাওনা রয়েছে এবং ওই সড়কের নির্মাণকাজে তিনি অংশীদার। পাওনা টাকা না দেওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন। বিষয়টি জ্যেষ্ঠ নেতারা বসে মীমাংসা করে দেবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

