বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৮, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির তাগিদ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির তাগিদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে শুধু প্রচলিত কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে থাকলে চলবে না। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট মূলত একটি রাজনৈতিক সমস্যা। প্রচলিত কূটনৈতিক প্রচেষ্টায় এ সংকটের সমাধান হবে, এমনটি মনে করা ঠিক নয়। এ কারণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও কথা বলছি, আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করছি। তাদের সঙ্গে আলোচনা চলছে। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারছে, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।’

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত অর্থায়নের অভাবে সংকট মোকাবিলা আরও কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সম্মিলিতভাবে দাবি জানাতে হবে, যাতে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষের ওপর চাপ সৃষ্টি করে একটি সমঝোতায় পৌঁছানো যায়।

জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।