রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখান থেকে ১৪ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিল্পী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউগিনি আবাসন প্রকল্পে মারধরের ঘটনায় ১৪ জনকে থানায় আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন নারী। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ নামের ওই আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় পরবর্তী সময়ে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

