ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ জামায়াতে ইসলামীর ক্ষমতার আকাঙ্ক্ষার কারণে ভেস্তে গেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
চরমোনাই পীর বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ইসলামি দলগুলো, বিশেষ করে কওমি ঘরানার দলগুলোকে এক মঞ্চে আনার আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলও সম্পৃক্ত ছিল।
তিনি অভিযোগ করেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেই জামায়াতে ইসলামী দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও ইসলামের বৃহত্তর স্বার্থ উপেক্ষা করেছে। দলটির এমন অবস্থানের কারণে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নষ্ট হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশে প্রকৃত শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যাবে। গত ৫৫ বছর ধরে অনুসৃত পুরোনো নীতি ও আদর্শ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আশা করা অমূলক ও অযৌক্তিক।

