বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৬, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

চুরির অভিযোগে ধাওয়া, প্রাণ বাঁচাতে ডাবগাছে যুবক

চুরির অভিযোগে ধাওয়া, প্রাণ বাঁচাতে ডাবগাছে যুবক
ডাবগাছে উঠে আটকে পড়া সেই যুবক।

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে ডাবগাছে আশ্রয় নেন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নানা চেষ্টার পর সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে নিজেই গাছ থেকে নেমে আসেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ওই যুবক গাছ থেকে নিচে নামেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন যুবকটি। একপর্যায়ে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা তাকে ধাওয়া করেন। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি।

পরে রাত ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। নানা কৌশলে এবং বুঝিয়ে-শুনিয়ে নামানোর চেষ্টা করা হয়। এমনকি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, চুরি করতে এসে এক যুবক ডাবগাছে আটকা পড়েছেন এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হননি। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে আটক করবে।

তিনি আরও বলেন, অনেক বুঝিয়েও তাকে নামানো সম্ভব হয়নি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। ভয়ে তিনি এমন আচরণ করছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

মোহাম্মদ আসাদ: