মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে পোশাক কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পপ্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনা, মালিক-শ্রমিকের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, “নারায়ণগঞ্জের শিল্প-কারখানা ও অর্থনৈতিক পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই বিবেচনা করা হবে, তবে আন্দোলনের নামে ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানালেই তা দ্রুত বাস্তবায়ন সম্ভব।”
তিনি মালিকপক্ষকে শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের কার্যক্রম সম্পর্কে কারখানা পর্যায়ে শ্রমিকদের বিস্তারিতভাবে অবহিত করার পরামর্শ দেন। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষের আন্তরিকতা এবং উদ্যোগ সম্পর্কে শ্রমিকদের সঠিক তথ্য জানানো গেলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সংকটের শুরুতে কিছু কারখানায় অস্থিরতা দেখা দিলেও জেলা প্রশাসন, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের সম্মিলিত উদ্যোগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। অধিকাংশ কারখানায় এখন স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রয়েছে।”
তিনি বলেন, “কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় মালিক ও শ্রমিকের পারস্পরিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংকটে প্রশাসন সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দও শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরাতে ভূমিকা রেখেছেন। শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকলেই শ্রমিকের কর্মসংস্থান ও মালিকের ব্যবসা টিকবে। তাই শিল্পের পরিবেশ রক্ষায় উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মির্জা আরাফাত, এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিকেএমইএ’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, ব্যবসায়ী অমল পোদ্দার, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মিয়া, জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি অঞ্জন দাসসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরা।
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

