বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৫, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদন করতে লাগবে অঙ্গীকারনামা

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, আবেদন করতে লাগবে অঙ্গীকারনামা

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফর্ম গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফর্মে যেসব তথ্য দিতে হবে

এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। ব্যক্তিগত তথ্যের ঘরে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা দিতে হবে।

সফরের উদ্দেশ্য হিসেবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো বিষয় উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে, ভিসায় উল্লেখিত উদ্দেশ্যেই তিনি ভারত সফর করবেন এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন। কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।

এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার অঙ্গীকার করতে হবে। আইন লঙ্ঘন করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলেও ফর্মে উল্লেখ রয়েছে।

সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের অনলাইনে আবেদন করার আগে নির্ধারিত অঙ্গীকারনামা পূরণ ও আপলোডের বিষয়টি নিশ্চিত করতে হবে।