বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৫, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ

রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার

রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার

পূর্বাচলের ৩০০ ফুট সড়কে প্রবাসী বহনকারী প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ৪ নভেম্বর (বুধবার) ভোরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেটসহ ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত প্রবাসী বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করে।

উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জের চরপাড়া এলাকার প্রাইভেটকারচালক বাচ্চু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩২), তাঁর ভাই সোহেল মিয়া (২৮) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইয়ুব হোসেন (৩৫)।

দুবাইপ্রবাসী জামাল হোসেন বলেন, রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল আহমেদ দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাঁর পূর্বপরিচিত চালক শাহীন মিয়ার প্রাইভেটকারে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোররাত ৩টার দিকে প্রাইভেটকারটি পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন মিয়া কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করেন। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা তাঁদের দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই থেকে নিয়ে আসা ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ, একটি ট্যাবসহ ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

পরে তাঁদের দুজনকে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

একপর্যায়ে প্রাইভেটকারচালক সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক শাহীন মিয়া, তাঁর ভাই সোহেল মিয়া ও আইয়ুব হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া অন্য মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

মো. আবু কাওছার মিঠু , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: