বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৬, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড, বহিষ্কার

মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড, বহিষ্কার

মাদক সেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৪ নভেম্বর (বুধবার) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডের আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর (মঙ্গলবার) রাতে মাদক সেবনের অভিযোগে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, সদস্য সচিব আলী আহম্মেদের বহিষ্কারের স্বাক্ষরিত কাগজ পেয়েছি। দলের কোনো নেতাকর্মীকে আলী আহম্মেদের সঙ্গে যোগাযোগ না করতেও পত্রে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দলের বিরুদ্ধে কার্যক্রম ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নেন।

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: