বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৪, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ৪, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী আটক

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা করে পুলিশ জানিয়েছে, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা বা আতশবাজিজাতীয় বিস্ফোরণ।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। পরে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিস্ফোরণ ঘটান এবং সড়কের পাশে একটি টায়ারে আগুন ধরিয়ে দ্রুত চলে যান। এ সময় ঘটনাস্থলে থাকা শুভকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে বিস্ফোরণ ঘটিয়ে টায়ারে আগুন ধরিয়ে চলে যান। এ ঘটনায় জড়িত অন্যদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত যাচাই করে ককটেল বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পটকা বা আতশবাজিজাতীয় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।