নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মামুন (৪৬) নামে একজনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন একই এলাকার মো. মুক্তার হোসেন (৫০) ও রিয়াদ (২২)।
পুলিশ জানায়, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি ছোরা, তিনটি চাপাতি, একটি রামদা, দুটি কাঠের বাটযুক্ত ছেনি, একটি এসএস পাইপের কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া নগদ ৫ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

