বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠারোগাছিয়া গ্রামে অসহায় এক বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন। পরিবারটির জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেছে সংগঠনটি।
শনিবার (৩১ অক্টোবর) ফাউন্ডেশনের উদ্যোগে বিধবা শিল্পী বেগমের পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। শিল্পী বেগমের চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অসচ্ছল এই পরিবারটি দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে।
ফাউন্ডেশনের মানবিক স্বেচ্ছাসেবক ও ‘কাপল অন ট্রাভেল’-এর অ্যাডমিন মো. মহিবুল্লাহ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় সহযোগিতা করেন আঠারোগাছিয়া ইউনিয়নে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. তৌফিকুর ইসলাম, ইয়ামিন হাং ও মিঠুন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউর রহমান সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের পরিবারের সহায়তায় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

