বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩১, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩১, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ

তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন তথ্য, উত্তরার বারে ছিলেন দেড় ঘণ্টা

তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন তথ্য, উত্তরার বারে ছিলেন দেড় ঘণ্টা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নতুন তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন এক তরুণী ও জুনিয়র বন্ধু দীপ।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান তাহসিফ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে আসেন দীপ।

ফুটেজে দেখা যায়, প্রথমে তাহসিফ ও ওই তরুণী লিফটে উঠে দীপের জন্য অপেক্ষা করেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারে প্রবেশ করেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তারা মোটরসাইকেলে করে বেরিয়ে যান।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরে ওই তরুণীকে তার বাসায় নামিয়ে দেন তাহসিফ। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়। ওই রাতের বিভিন্ন স্থানে তাদের যাতায়াত ও অবস্থানের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।