ঢাকা থেকে খুলনাগামী জামায়াতে ইসলামীর লংমার্চে গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দলটির এ সিদ্ধান্তকে রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে বিভিন্ন জেলায় পথসভা করার পরিকল্পনা করলেও শুধু গোপালগঞ্জে তা করবে না। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণারও সমালোচনা করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের নেতারা প্রায়ই দাবি করেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত তাদের সেই সাহসের দাবির সঙ্গে সাংঘর্ষিক।
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, দলটি বিরোধী দল হতে চাইলেও কোনো ধরনের ঝুঁকি বা রাজনৈতিক চ্যালেঞ্জ নিতে আগ্রহী নয়।
পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, জনগণ জামায়াতের কাছ থেকে একটি লড়াকু রাজনৈতিক অবস্থান প্রত্যাশা করেছিল। কিন্তু গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্তে দলটির রাজনৈতিক সাহস নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
