বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩০, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ

জামায়াতের লংমার্চ খুলনার মানুষ প্রত্যাখ্যান করবে: রাশেদ খাঁন

জামায়াতের লংমার্চ খুলনার মানুষ প্রত্যাখ্যান করবে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর লংমার্চে খুলনা বিভাগের সাধারণ মানুষের সাড়া মিলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, শনিবারের কর্মসূচি খুলনাবাসী প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি নিজেদের আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়ার কথা বললেও লংমার্চে গোপালগঞ্জে কোনো পথসভা রাখেনি। এমনকি সেখানে কর্মসূচিতে বিরতিও দেবে না। এ নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করে নিজেদের শক্তি প্রদর্শনের আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগের গোপালগঞ্জমুখী লংমার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই কর্মসূচিতে হামলার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করেছিল। তাহলে জামায়াত কেন গোপালগঞ্জে যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

খুলনা বিভাগকে অতীতে একটি বিশেষ দলের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সময় বদলেছে। খুলনার মানুষ কোনো অপকৌশল মেনে নেবে না। ৩১ অক্টোবরের কর্মসূচিতেও জামায়াত প্রত্যাখ্যাত হবে বলে তিনি দাবি করেন।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলটির ‘জান্নাতে যাওয়ার টিকিট’ এখন আর কাজ করছে না। ওই নির্বাচন ঘিরে জামায়াত ব্যাপক প্রচার চালিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।