নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী, আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাউড়িবাড়ি এলাকায় দুর্গাপুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক। দুর্ঘটনায় তার পাঁচ বছর বয়সী ছেলে রাজিনও মারা যায়।
আহত ব্যক্তিরা হলেন শাহীনের স্ত্রী তুহিন আক্তার, তাদের আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক সাফিক মিয়া (৩৫)। সাফিক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

