বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩০, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ

আনিসুল হক-সালমান এফ রহমানসহ পাঁচজনের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

আনিসুল হক-সালমান এফ রহমানসহ পাঁচজনের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামি। তাঁদের আবেদন সর্বসম্মতিক্রমে নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বার কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কায়সার।

বার কাউন্সিল সূত্র জানায়, বাংলাদেশের আদালতে সরাসরি মামলা পরিচালনায় বিদেশি আইনজীবীদের অনুমতি দেওয়ার নজির নেই। এ ছাড়া বিদেশি আইনজীবীদের পেশাগত অসদাচরণের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার আইনি ব্যবস্থা না থাকায় তাঁদের আবেদনের অনুমতি দেওয়া হয়নি। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবীরা সহযোগিতা করতে পারবেন।

আবেদন নাকচ হওয়া পাঁচজন হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং একাত্তর টিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারজানা রূপা।

তাঁদের মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলক জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার। জিয়াউল আহসান গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগসংক্রান্ত মামলায় অভিযুক্ত। আর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রতিবেদন তৈরির অভিযোগে অভিযুক্ত ফারজানা রূপা।

বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, বৈঠকে আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং এর পক্ষে সুনির্দিষ্ট কারণ রয়েছে। পরবর্তী বৈঠকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলে লিখিত আকারে প্রকাশ করা হবে।