বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৮, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৮, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ

যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল, ‘চা খাওয়ার টাকা দিলেও তো খুশি হতাম’

যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল, ‘চা খাওয়ার টাকা দিলেও তো খুশি হতাম’

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে টাকা লেনদেনের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে। এ ঘটনায় এক মৎস্য ব্যবসায়ীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার সকাল থেকে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাইরাল অডিওতে কাজল রেখাকে মৎস্য ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সদস্যসচিব আবদুর রহিমের কাছে বাকি টাকা চাওয়ার পাশাপাশি অভিযান চালানো নিয়ে কথা বলতে শোনা যায়। কথোপকথনে বোটে আগুন দেওয়ার হুমকির কথাও শোনা যায়। অন্যদিকে, রহিমকে ৪৫ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়।

উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঘটনার সমালোচনা করেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরার সুযোগ দেওয়ার বিনিময়ে সাগরে মাছ ধরার দুই শতাধিক ট্রলারের প্রতিটি থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ সংগ্রহ ও বণ্টনের সঙ্গে আবদুর রহিম জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে আবদুর রহিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা বলেন, এটি অনেক আগের রেকর্ড। পরে তিনি অফিসে চা খাওয়ার আমন্ত্রণ জানান।

মনপুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।