বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৭, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৭, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ

পা দিয়ে লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতকোত্তর, বিচারক হতে চান বিউটি

পা দিয়ে লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতকোত্তর, বিচারক হতে চান বিউটি

জন্ম থেকেই দুই হাত নেই। তবে শারীরিক সীমাবদ্ধতা দমাতে পারেনি জয়পুরহাটের বিউটি খাতুনকে। পা দিয়ে লিখেই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হওয়ার স্বপ্ন দেখছেন বিউটি। বিচারক হয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করতে চান তিনি।

বিউটি খাতুনের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত শিবপুর গ্রামে। দরিদ্র কৃষক পরিবারে জন্ম তাঁর। জন্ম থেকেই দুই হাত না থাকায় শুরুতে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্য ও স্বজনেরা। তবে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী বিউটি পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। সেই অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে একে একে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সম্প্রতি সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

শুধু লেখাপড়াই নয়, পায়ের সাহায্যে সংসারের দৈনন্দিন কাজও করতে পারেন বিউটি। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে পরিবারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের সহযোগিতা পেয়েছেন তিনি।

বিউটি জানান, শৈশব থেকে নানা প্রতিবন্ধকতা ও মানুষের কটূক্তি সহ্য করে তাঁকে এগিয়ে যেতে হয়েছে। তবে কারও দয়ার ওপর নির্ভরশীল না হয়ে নিজের মেধা ও যোগ্যতায় আত্মনির্ভরশীল হতে চান তিনি। বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হওয়ার মাধ্যমে মানুষের সেবা করাই এখন তাঁর লক্ষ্য।
নিজস্ব প্রতিনিদি: