পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট চালু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস। মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে এ পর্যন্ত ১৪৬টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১১টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর কয়েক দিন বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল। পরে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল শুরু হয়।
এদিকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ দুই রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।
এর আগে পরিস্থিতির উন্নতি হওয়ায় ২১ অক্টোবর দাম্মাম রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। পরদিন ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যায়। তবে পরে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

