আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় এক লাখ কোটি ইয়েন বেসরকারি বিনিয়োগের প্রত্যাশা করছে জাপান। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে সম্মত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান সানায়ে তাকাইচি।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, এ অঞ্চলে যোগাযোগ ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে জাপান। দুই দেশের সহযোগিতা জোরদারে বিগ-বি উদ্যোগকে আরও গতিশীল করার বিষয়ে ঐকমত্য হয়েছে।
তিনি জানান, নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের আওতায় বাংলাদেশ ও জাপান আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করবে।
এই উদ্যোগের চারটি প্রধান স্তম্ভ হলো যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি, সরকারি-বেসরকারি খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়নের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা।
সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও তাৎপর্যপূর্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে।
এর আগে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই জানায়, দেশটির বেসরকারি খাত আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা করছে। বার্তা সংস্থা রয়টার্সও গত ২২ অক্টোবর এ খবর প্রকাশ করে।
তবে এই বিনিয়োগ এখনো বাস্তবায়িত হয়নি। পরিকল্পনাটি কার্যকর হলে বাংলাদেশের শিল্পায়ন, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

