বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৭, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে হাতুড়ি দিয়ে মিনারের একটি পিলারের টাইলসসহ কিছু অংশ ভেঙে ফেলা হয়। এ ঘটনায় ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত আহসান হাবীবের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে শহীদ মিনার ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর আহসান হাবীব একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ১৯ অক্টোবর গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। রোববার থানার তদন্ত কর্মকর্তা ইনস্টিটিউটে গিয়ে বিষয়টি তদন্ত করেন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান বলেন, তদন্ত কর্মকর্তা পরিদর্শন করে যাওয়ার পর সোমবার সকালে আহসান হাবীব আরও উগ্র আচরণ করেন। পরে তিনি শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

অভিযুক্ত আহসান হাবীবের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধা প্রতিনিধি: