নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ২১ অক্টোবর রাতে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন জহির ফকির (৪৫)। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১১।
তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্তের পর এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ দল কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নির্ধারিত হবে।

