জামায়াতে ইসলামী নিজেদের কর্মী ছাড়া অন্য কাউকে সহায়তা করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিলেও নির্বাচনের পর মানুষের পাশে নেই দলটি।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ উপজেলায় মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করতে হবে। চোখ ভালো থাকলে মানুষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখতে পারবেন। পাঁচ বছর পর ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্যও চোখের চিকিৎসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায় ও পূজা নিয়ে নানা কথা বললেও এখন তাদের খোঁজ নিতে দলটির নেতাদের পাওয়া যাচ্ছে না। ধর্মকে পুঁজি করে রাজনীতি করলেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে তাদের ভূমিকা নেই বলে দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় সরকার। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান তিনি।

