বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৪, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন, ক্ষতি লাখ টাকা

চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন, ক্ষতি লাখ টাকা

চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনায় ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে, এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার।

গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের নৈশপ্রহরী আগুন লাগার খবর দেন। নৈশপ্রহরীর ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় কেউ জানালা দিয়ে ঢিলের মতো একটি বস্তু নিক্ষেপ করার কিছুক্ষণ পরই আগুন ধরে যায়। বস্তুটি পেট্রলবোমা ছিল কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উত্তর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৪টা ১০ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। এতে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্রও অক্ষত রয়েছে।

শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।