ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারসংলগ্ন একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশাটি ভাড়া করেন। পাঠাননগর বাজারে যাওয়ার পথে বাংলা বাজারসংলগ্ন নির্জন সড়কে পৌঁছালে তারা আবদুল হকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। যাত্রীবেশে ছিনতাইকারী চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম জানান, কয়েক মাস আগে বিভিন্ন সমিতি থেকে কিস্তিতে ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন আবদুল হক। এটি চালিয়েই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্বজনেরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

