মোহাম্মদ আসাদ,প্রতিবেদক:
জামালপুরে পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা, কষ্টিপাথরসদৃশ বস্তু ও ভারতীয় মদসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত ২৪ ঘণ্টায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় একটি মনোহারি দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন বাহাদুর আকন্দ (৪৬) ও এশরাদ আলী (৩৯)।
অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে একটি ইলেকট্রিশিয়ানের দোকানের পেছনের কক্ষ থেকে কষ্টিপাথর চোরাকারবারি চক্রের আট সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (৪১), ফরহাদ হোসেন (৩৫), বাবু মিয়া (৪২), ফেলু মিয়া (৩১), আমজাদ হোসেন (৭০), জোয়ারহের (৫৩), সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)। তাঁদের মধ্যে কয়েকজন দেওয়ানগঞ্জের বাসিন্দা। অন্যরা টাঙ্গাইলের ধনবাড়ী ও গোপালপুর এলাকার বাসিন্দা।
এ ছাড়া বকশীগঞ্জ উপজেলার নতুন বাটাজোর বাজারে একটি ভাঙারির দোকানের সামনে থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর দুটি দল এসব অভিযান পরিচালনা করে।
ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

