সরকার ও ফ্যাসিবাদী শক্তি মিলে দেশে নতুন পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড, আহত ও পঙ্গুত্ববরণসহ মানবতাবিরোধী অপরাধের দৃশ্যমান বিচার এখনো হয়নি। কিছু রায় হলেও সেগুলো কার্যকর করা হয়নি। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আঁতাত করে নতুন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির বিভিন্ন নেতা সংসদ নির্বাচনে তাঁদের দলের ভোটের ৩০ শতাংশ আওয়ামী লীগের ভোট বলে দাবি করেছেন। শেখ হাসিনা ও শামীম ওসমানের ফাঁস হওয়া অডিও কথোপকথনেও এ-সংক্রান্ত তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এসব বক্তব্যের প্রতিবাদ না করায় বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের বিষয়ে সরকারের অভিযোগকে মিথ্যা দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলে তা প্রকাশ করা হোক। তাঁর অভিযোগ, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সরকার রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি দাবি করেন, দেশে খুন, মাদক, ঘুষ, কালোবাজারি ও দুর্নীতি বেড়েছে। গত ছয় থেকে সাত মাসে দলীয় কোন্দলে ক্ষমতাসীন দলের ৪০ জন কর্মী নিজ দলের লোকজনের হাতে নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হামিদুর রহমান আযাদ।
ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

