বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৩, ২০২৬, ১:২০ অপরাহ্ণ প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে পূর্ব এশিয়া, তাইওয়ানে নিহত ১, আহত ৯৪

ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে পূর্ব এশিয়া, তাইওয়ানে নিহত ১, আহত ৯৪

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় চাম্পির আঘাতে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বিপর্যয় দেখা দিয়েছে। তাইওয়ানে ঝড়ের প্রভাবে ভেসে গিয়ে লিউকিউ দ্বীপে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৪ জন। ঝড়ের কারণে তাইওয়ান ও জাপানে শত শত ফ্লাইট বাতিলসহ বিভিন্ন যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ঝড়ের প্রভাব মোকাবিলায় তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরের প্রায় সবকটিতে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে দেশটির শেয়ারবাজারের লেনদেনও। শুক্রবার ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। ট্রেন চলাচলের সময়সূচি স্থগিতের পাশাপাশি কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানেও ঝড়ের প্রভাবে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সসহ চারটি প্রধান বিমান সংস্থার ১৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অন্তত ১১ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ওকিনাওয়া অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাড়ে তিন হাজারের বেশি পরিবার। দেশটির প্রধানমন্ত্রী সানা তাকাইচি ঝোড়ো হাওয়া, পাহাড়ধস ও বন্যার ঝুঁকি নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপেও প্রবল বাতাস ও বৃষ্টিপাত ঘটিয়েছে চাম্পি। এদিকে, চীনের আবহাওয়া সংস্থা ঝড়টির বিষয়ে নীল সতর্কসংকেত জারি করেছে। পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে জারি করা হয়েছে কমলা সতর্কসংকেত। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই এবং সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লু কুও-চেন সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির জাতীয় ফায়ার এজেন্সির কর্মকর্তা চিয়াং চি-চিয়াং সতর্ক করে বলেছেন, হুয়ালিয়েনের ওয়ানলি ক্রিক এলাকায় ভূমিধসের কারণে তৈরি বাঁধে জমে থাকা প্রায় ৫০ লাখ মেট্রিক টন পানি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি