ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারে দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পূজামণ্ডপের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন হরি মন্দির যুব সংঘ চাউলপট্টি পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন সাহা, কবিতা সাহা, শুভেচ্ছা সাহা, বীনা সাহা, সুদিব সাহা ও রিংকু সাহা।
আহত স্বপন সাহার অভিযোগ, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কুমার নদীর ঘাটে তিনটি মন্দিরের প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছিল। বিসর্জনের সময় তরুণ সংঘ পাতিলপট্টি পূজামন্দিরের লোকজন তাঁদের একটি প্রতিমা সড়কের ওপর রেখে দেন। তিনি প্রতিমাটি সরিয়ে নিতে বললে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।
স্বপন সাহা জানান, ঘটনাস্থলে থাকা অল্পসংখ্যক পুলিশ ও আনসার সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অতিরিক্ত পুলিশ সহায়তা চান। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলায় তিনি ও অন্যরা আহত হন। হামলাকারীদের লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র দাস বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে পাশাপাশি অবস্থিত দুটি মন্দিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

