বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২২, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ২২, ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ণ

মক্কায় পাহাড়ি ঢল: বন্যার পানিতে ভেসে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরেকজন

মক্কায় পাহাড়ি ঢল: বন্যার পানিতে ভেসে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরেকজন

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রবল বৃষ্টির পর তিন শিশু পানির তীব্র স্রোতে ভেসে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স) জানায়, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল অভিযান শুরু করে। এ সময় একজন শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং আরেকজনের মরদেহ পাওয়া যায়। নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স। তবে কীভাবে এবং ঠিক কোন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে প্রতিকূল আবহাওয়ায় নাগরিক, প্রবাসী ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, পাহাড়ি উপত্যকা, প্রাকৃতিক জলধারা, পানি নিষ্কাশন নালা ও নিচু স্থানে যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভারী বৃষ্টির সময় পাহাড়ি উপত্যকা ও নিষ্কাশন নালা দিয়ে দ্রুতগতিতে নেমে আসা পানির স্রোত প্রাণঘাতী হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।