বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২১, ২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ২০, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, কলেজের উন্নয়নে দাবি লিখিতভাবে চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, কলেজের উন্নয়নে দাবি লিখিতভাবে চাইলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষকদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে জমা দিলে তা বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে গাড়ি থামান তিনি।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরে যাওয়ার সময় কলেজের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে থামেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের আবদারে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন। পাশাপাশি কলেজের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের উন্নয়নে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বালক ও বালিকাদের জন্য পৃথক আবাসিক হোস্টেল নির্মাণ, একটি বহুতল ভবন স্থাপন এবং একটি অডিটরিয়াম নির্মাণ।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর বিজ্ঞান কলেজ সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত দাবিগুলো লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে সেগুলো বিবেচনা করা হবে।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাঁকে স্বাগত জানান।