ধর্মের ভিত্তিতে বৈষম্য না করা এবং প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানে সুস্পষ্ট বিধান রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানে যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার সেগুলো বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’
এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা এবং আনন্দ-সম্প্রীতি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় সংবিধানের বিধান বাস্তবায়নে কাজ করছে সরকার।
বক্তব্যে আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’
উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে স্বীকৃত এসব অধিকার নিশ্চিত করার মাধ্যমে সব ধর্মের মানুষের জন্য স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

