মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি প্রথমে আমতলী উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসককে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, জগদীশ বসু, রাজীব কর্মকার ও বল্টু পালসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা তাঁকে স্বাগত জানান। জেলা প্রশাসক পূজামণ্ডপে উপস্থিত সবার সঙ্গে সময় কাটান এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে স্থানীয় নূরজাহান ক্লাবে উপজেলা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার।
সভায় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস উপজেলার দুর্গাপূজার সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা সেই নীতি অনুসরণ করে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
এ সময় পূজামণ্ডপের কয়েকটি উন্নয়নকাজের বিষয়ে জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। দাবিগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জগদীশ বসু, সাংবাদিক জাকির হোসেন মোল্লা ও সাংবাদিক সাইফুল্লাহ নাসির।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন, এসআরবির বরগুনা জেলার প্রধান, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা।

