বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২০, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

বনানী থেকে আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা

বনানী থেকে আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্তের স্বার্থে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মামলাটি কী অভিযোগে করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি ডিবিপ্রধান।

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

পরবর্তী সময়ে জামিনে কারামুক্ত হন দিলীপ আগারওয়ালা। এবার সিআইডির একটি মামলার সূত্র ধরে ডিবি তাকে পুনরায় গ্রেপ্তার করল।