জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারি জায়গা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে না। প্রকৃত ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। সরকারি সম্পদ দখল করে কেউ প্রভাবশালী হয়ে উঠুক, তা সরকার হতে দেবে না।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, এক বছরের জন্য ইজারা নিয়ে আইন অমান্য করে কেউ যেন নতুন করে প্রভাবশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা হবে। সরকারি জায়গায় আইনবহির্ভূতভাবে ভবন নির্মাণ করে দখলদারত্ব প্রতিষ্ঠার সুযোগ আর দেওয়া হবে না। আইনের ঊর্ধ্বে কেউ নন।
নাজিরপুর বাজারের সরকারি জমি উদ্ধার ও ব্যবসায়ীদের নতুন করে বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাজারটিকে জিম্মি করে জনগণের সম্পদের ওপর অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। সরকার আইনগত প্রক্রিয়ায় সেই সরকারি সম্পদ উদ্ধার করেছে। এখন সেখানে উন্মুক্ত পরিবেশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তিনি জানান, আগে যেসব ব্যবসায়ী সেখানে ব্যবসা করতেন, তাঁদের নাম-ঠিকানার তথ্য সংরক্ষিত রয়েছে। তাঁদের নতুন করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা আবার ব্যবসা শুরু করতে পারেন।
ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি স্বীকার করে কায়সার কামাল বলেন, ‘আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি জানি। আমি সেটা অস্বীকার করব না।’
তিনি আরও বলেন, আগে অধিকাংশ ব্যবসায়ী ভাড়াটিয়া হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। এখন তাঁদের মালিক হওয়ার সুযোগ তৈরি করতে বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে।
ডেপুটি স্পিকার বলেন, ব্যক্তিগত লালসা ও স্বার্থসিদ্ধির জন্য নাজিরপুরকে ব্যবহার করতে দেওয়া হবে না। সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে। একই সঙ্গে প্রকৃত ব্যবসায়ীরা যাতে সেখানে ব্যবসা করার সুযোগ পান, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

