নিজস্ব প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের পাঁচটি উপজেলায় ১৬৭টি পূজামণ্ডপে নজরদারি জোরদার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অপরাধী, কিশোর অপরাধী ও অপরাধী চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সংস্থাটির জেলা দল।সোমবার (১৯ অক্টোবর) সিআইডি শেরপুর জেলা কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েও গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সিআইডি শেরপুর জেলা দল। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণের পাশাপাশি জেলার সার্বিক অপরাধ পরিস্থিতির ওপরও নজর রাখা হচ্ছে।এদিকে, সিআইডি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি এস এন নজরুল ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলা দলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। অপরাধ তদন্ত কার্যক্রমের তদারকির পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

