প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তামিম রানা (৩৫) নামে বিজিবির এক সিপাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় মা জননী স্টোরের সামনে আখাউড়া-মোগড়া বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও বিল্লাল হোসেনসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার তামিম রানা রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে সিপাহী হিসেবে কর্মরত। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা, একটি বিজিবির পরিচয়পত্র ও ভেগা ভি৭ মডেলের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় তামিম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

